ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালামৃধা ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল ও প্রাণবন্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) বিকেলে স্থানীয় দেওড়া হাই স্কুল মাঠে আয়োজিত এ কর্মী সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এই সভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
কালামৃধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারীর সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও ফরিদপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের প্রাক্তন সংসদ সদস্য ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্যা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “বিএনপিকে মর্যাদাবান ও শক্তিশালী করতে হলে নির্যাতিত পুরোনো নেতাকর্মীদের পাশাপাশি নতুন ও সম্মানিত ব্যক্তিদেরও দলে সম্পৃক্ত করতে হবে। যারা সমাজ ও এলাকার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে, তাদের নিয়েই একটি কার্যকর ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “আজ আমরা থাকব না, কিন্তু বিএনপি থাকবে যুগের পর যুগ। সেই লক্ষ্যেই একটি শক্তিশালী ও মর্যাদাবান সংগঠন গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, কালামৃধায় একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে।”
সভাপতির বক্তব্যে আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, “বিএনপিকে প্রতিষ্ঠিত করতে হলে অতীতের সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের দিন-রাত পরিশ্রম করতে হবে। আমরা সবাইকে নিয়েই রাজনীতি করতে চাই।”
তিনি আরও বলেন, “ভাঙ্গা ও কালামৃধায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে নিতে হলে তৃণমূলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর বলেন, “আমরা এমন একটি কমিটি চাই, যেখানে নতুনদের অংশগ্রহণ থাকবে এবং জনগণের মাঝে বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস তৈরি হবে।”
তিনি আরও বলেন, “আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যে সংগঠনের মধ্যে হিংসা-বিদ্বেষ, মাদক ও দুর্নীতির স্থান থাকবে না—আমরা কালামৃধা ইউনিয়নের পক্ষ থেকে এমন একটি সুসংগঠিত বিএনপি দেখতে চাই।”
কর্মী সভায় যুবদল নেতা শরিতুল্লা আগামী কাউন্সিলে যোগ্য নেতৃত্ব নির্বাচনের দাবি জানিয়ে বলেন, “বাবুল ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা—যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে সুন্দর ও শক্তিশালী কমিটি গঠন করা হবে।”
এদিকে বিএনপি নেতা সেলিম হুজুর এলাকায় মাদক বিস্তার ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে বলেন, “ইয়াবা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন।” তিনি নেতাকর্মীদের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিপুল উপস্থিতিতে প্রাণবন্ত কর্মী সভা
অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।