বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য বৈশাখী উৎসবের আয়োজন করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। ২ বৈশাখ (১৫ এপ্রিল) বুধবার সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মানবাধিকার সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত।
অনুষ্ঠানে সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ‘প্রেসক্লাব ইউনিটি’র আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। একইসঙ্গে তথ্যবাংলা ফাউন্ডেশন, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মো. দুলাল মিয়াকে আহ্বায়ক, দৈনিক নবজীবন পত্রিকার সম্পাদক নূরুন্নাহারকে সদস্য সচিব এবং সম্মিলিত সাংবাদিক সোসাইটির সভাপতি মো. দেলোয়ার হোসেন ভূঁইয়াকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয়।
অনুষ্ঠানে ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদ, ১২৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি এবং ৭ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সমাজসেবা, মানবাধিকার, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুইজন পুলিশ কর্মকর্তা, দুইজন সমাজসেবকসহ মোট ২৮ জন গুণীজনকে মানবাধিকার সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে হোসাইনিয়া পাক দরবার শরীফের তত্ত্বাবধানে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি ফেরদাউস খান।
বৈশাখের আনন্দ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়।