পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে জাকের পার্টি কালামৃধা ইউনিয়নের উদ্যোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজারের প্রধান গলিতে ধর্মীয় আলোচনা সভা, জিকির মাহফিল, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে আসরের নামাজের পর আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জাকেরান, আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালামৃধা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মজিবর মাস্টার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বায়জিদ মুন্সী, সাধারণ সম্পাদক, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ টিটু খান, সভাপতি, যুব ফ্রন্ট, ফরিদপুর বিভাগ; মাওলানা আব্দুল গফফার নেছারী, সভাপতি, জাকের পার্টি ওলামা ফ্রন্ট, ফরিদপুর সাংগঠনিক বিভাগ এবং বাবুল হাওলাদার, সহ-সভাপতি, জাকের পার্টি ভাঙ্গা উপজেলা শাখা।
এছাড়াও ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিট ও ইউনিয়নের নেতৃবৃন্দ, জাকেরান সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক আশেকান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মহররম ও আশুরার তাৎপর্য তুলে ধরে বলেন, কারবালার শিক্ষা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ধৈর্য, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ যুগে যুগে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।
প্রধান অতিথি মোঃ বায়জিদ মুন্সী বলেন, “পবিত্র মহররম আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়। কারবালার মহান আদর্শকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি মোঃ টিটু খান বলেন, “আশুরার শিক্ষা কেবল ইতিহাসের স্মৃতি নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার চেতনা। তরুণ প্রজন্মকে ইসলামের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি বাবুল হাওলাদার বলেন, “কারবালার শহীদদের আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন প্রেরণা। তাঁদের আদর্শ অনুসরণ করে একটি নৈতিক, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, মিলাদ মাহফিল এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষপর্বে বিশ্ব জাকের মঞ্জিল, বাইশরশির মেজ ভাইজান, জাকের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদীর দিকনির্দেশনামূলক বার্তা উপস্থিত জাকেরান ও আশেকানদের মাঝে তুলে ধরা হয়। বার্তায় তিনি দ্বীনের খেদমত, মানবসেবা, সমাজকল্যাণ এবং ইসলামের শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বাণী সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ঐক্য, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।